বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং বসতবাড়ির জায়গা ও চলাচলের একমাত্র রাস্তায় অবৈধভাবে বাঁশের বেড়া ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে আশাদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত কছের আলী মন্ডলের ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ আশাদুল ইসলাম ও তাঁর লোকজন রফিকুল ইসলামের বসতবাড়ির জায়গায় জোরপূর্বক বাঁশের বেড়া ও ঘর নির্মাণ করতে থাকেন।
এ সময় রফিকুল ইসলাম তাঁর জায়গায় ঘর নির্মাণ ও বেড়া দেওয়ার কারণ জানতে চাইলে আশাদুল ইসলাম ও তাঁর লোকজন তাঁকে গালিগালাজ করেন। রফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে আশাদুল ও তাঁর লোকজন অতর্কিতভাবে তাঁকে মারধর শুরু করেন। তাঁর চিৎকারে ছোট ভাই মেহেদী হাসান শাহিন ও বড় বোন হাসনা খাতুন তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে প্রতিপক্ষের লোকজন রফিকুল ইসলামের বসতবাড়ির জায়গায় জোরপূর্বক বাঁশের বেড়া ও ঘর নির্মাণ করেন। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আশাদুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছি। বেশ কিছুদিন ধরে প্রতিপক্ষ বাড়ির জায়গা ও জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ সৃষ্টি করছে। এ নিয়ে গ্রামে ও থানায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু তারা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা মৌখিকভাবে জমির মালিকানা দাবি করে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে।’
প্রতিপক্ষ আশাদুল ইসলাম বলেন, ‘আমাদের জায়গায় আমরা ঘর নির্মাণ করেছি এবং বেড়া দিয়েছি। আমরা কারও জায়গা দখল করিনি।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আনোয়ার বলেন, এ নিয়ে গ্রামে ও থানায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। তবে একটি পক্ষের কারণে কোনো মীমাংসা হয়নি। দীর্ঘদিন ধরে দেখে আসছি, রফিকুল ইসলাম ওই জায়গায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন।
ধুনট থানার এএসআই আনোয়ার হোসেন বলেন, আগের একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে বাঁশের বেড়া ও ঘর নির্মাণের বিষয়টি আমি দেখেছি। তবে এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি।
বাবুল ইসলাম 















