বগুড়ার ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশ মতিন, রেজাউল করিম, চয়নিকা খাতুন ও আফরোজা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন শাহীন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাসেল মাহমুদ তালুকদার।
ফাইনাল খেলায় বালক বিভাগে ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এবং বালিকা বিভাগে বিলকাজুলী-বথুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাবুল ইসলাম 











