বগুড়ার ধুনটে বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের মশাল মিছিলে ককটেল হামলার অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও চিথুলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আরিফুর রহমান দুলাল (৫২), পৌর এলাকার সদরপাড়া গ্রামের মৃত শাজাহানের ছেলে ও পৌর যুবলীগ নেতা সুমন (৩৬) এবং চৌকিবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বিশ্বহরিগাছা গ্রামের তাহের তালুকদারের ছেলে সোহেল তালুকদার (৪২)। বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টি এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আরিফুর রহমান দুলালকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ধুনট শহরের শহীদ মিনার চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার সমর্থকরা বাধা দিলে মিছিলকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সুমন ও সোহেল তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
ধুনটে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের তিন নেতা গ্রেফতার
-
বাবুল ইসলাম - ০৩:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- 174
জনপ্রিয়






















