বগুড়ার ধুনটে মুন্নি খাতুন (৩২) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাদকাসক্ত স্বামী নুর সালামকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুন্নি খাতুন মধুপুর গ্রামের নুর সালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের বাসিন্দা মুনজিল হোসেনের মেয়ে মুন্নি খাতুনের বিয়ে হয় ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা এরশাদ আলীর ছেলে নুর সালামের সঙ্গে। স্বামী-স্ত্রীর সংসারে সাগর (১৬) ও সূর্য (৭) নামের দুটি ছেলেসন্তান রয়েছে। তাঁরা পরিবার নিয়ে মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। নুর সালাম কাঠের ব্যবসা করে সংসার চালাতেন। এ অবস্থায় নুর সালাম মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয় এবং মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কিন্তু নুর সালামের কোনো পরিবর্তন হয়নি।
এ অবস্থায় আজ শুক্রবার দুপুরে মাদক সেবনের প্রতিবাদ করায় স্ত্রী মুন্নি খাতুনকে মারধর করতে থাকেন নুর সালাম। একপর্যায়ে মুন্নি খাতুন মারধর সহ্য করতে না পেরে ঘর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় নুর সালাম তাঁর গলায় ওড়না পেঁচিয়ে টেনেহিঁচড়ে ঘরে নিয়ে যাওয়ার সময় শ্বাসরোধ হয়ে মুন্নি খাতুনের মৃত্যু হয়। প্রতিবেশীরা বিষয়টি দেখে ফেলায় পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে নুর সালাম ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করেন।
পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মুন্নি খাতুনের গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। একই সঙ্গে নুর সালামকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত মুন্নির বাবা মুনজিল হোসেন বলেন, নুর সালাম অনেক দিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন। ঘটনার প্রতিবাদ করায় তাঁর মেয়েকে কয়েক দফা মারধর করেছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সালিস বৈঠক হয়েছে। দুই ছেলের মুখের দিকে তাকিয়ে নুর সালামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগে থেকে ব্যবস্থা নেওয়া হলে তাঁর মেয়েকে আজ হয়তো খুন হতে হতো না।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, নুর সালাম অনেক আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের প্রতিবাদ করায় মুন্নি খাতুনকে মারধর ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও নিহতের স্বামী নুর সালামকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মুন্নি খাতুনের পরিবারের সঙ্গে কথা বলে হত্যা মামলা দায়ের করা হবে।
বাবুল ইসলাম 

















