বগুড়ার ধুনটে গ্রাম্য সালিশে ন্যায়বিচার না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন আলহাজ্ব রহমত আলী তালুকদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। নিহত রহমত আলী তালুকদার উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ফোরহাদ হোসেনের ছেলে। তিনি গোবিন্দপুর বাজারের ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় শুক্রবার বিকেল ৫টায় নিহত রহমত আলী তালুকদারের স্ত্রী কহিনুর খাতুন বাদী হয়ে মা-ছেলেসহ ৯ জনকে আসামি করে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গ্রামের সামাজিক বিরোধ মীমাংসার জন্য ব্যবসায়ী রহমত আলী সালিশ বৈঠক করে থাকতেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে জুয়েল সেখের জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য বৈঠক করেন রহমত আলী। কিন্তু ওই বৈঠকে জুয়েল সেখ ন্যায়বিচার পাননি বলে অভিযোগ ওঠে। এতে রহমত আলীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন জুয়েল সেখ ও তার পরিবারের সদস্যরা।
এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রহমত আলী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির পথে রওনা হন। পথিমধ্যে জুয়েল সেখের বাড়ির সামনে পৌঁছালে জুয়েল ও তার সহযোগীরা রহমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে।
সংবাদ পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর খাতুন বাদী হয়ে জুয়েল সেখ ও তার মা রুবি খাতুনসহ ৯ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
স্টাফ রিপোর্টার 









