দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন।
পথে পথেই দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে তিনি ফিরোজায় পৌঁছান। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির জানান, এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
সকাল থেকেই হাজারো নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন। গাড়িবহর যাত্রা শুরু করলে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে রাস্তার দুই ধারে দাঁড়ানো নেতাকর্মীরা। এই আয়োজনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে পড়ে।
খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ছিলেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতে করে তিনি লন্ডন যান। আজ দেশে ফিরেছেনও ওই এয়ার অ্যাম্বুলেন্সে।
স্টাফ রিপোর্টার 























