বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা উত্থাপন করেছেন, তা বাস্তবায়ন হলে দেশে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। পতিত আওয়ামী স্বৈরশাসকের বৈষম্যের রাজনীতির কারণে দেশ রাজনীতি-শূন্য হয়ে পড়েছিল। একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাত, বিচার বিভাগসহ প্রতিটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে জাতিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হলে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
রোববার বিকেলে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে গণসংযোগ ও জনগণের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণের সময় কাতলাহার বাজার এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সহ-সভাপতি ছানোয়ার হোসেন।
বিএনপি নেতা খলিলুর রহমানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, আব্দুল কাইয়ুম টগর, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম শফি, জিয়া পরিষদ নেতা নুরে আলম জুয়েল, যুবদল নেতা আল আমিন, রাশেদুজ্জামান উজ্জ্বল, আবু মুছা, মনিবুর রহমান, বুলবুল আহম্মেদ মিঠু, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল-হক রনজু, ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ ও একে মিনু।
বাবুল ইসলাম 









