বগুড়ার ধুনটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকসাহাটা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাকুড়িহাটা গ্রামের আব্দুল মোতালিব (২৫) এবং তার বাবা জেল হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার খোকসাহাটা গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেতে আসেন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। একই বাড়িতে দাওয়াতে উপস্থিত ছিলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীম ও তার দলের নেতাকর্মীরা। দাওয়াত খাওয়ার সময় বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এদিকে দাওয়াত শেষে পাকুড়িহাটা গ্রামের বাড়ির দিকে রওনা হন আব্দুল মোতালিব ও তার বাবা। এ সময় ছাত্রলীগ নেতা অসীমের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের আহত করে। স্থানীয়রা আহত আব্দুল মোতালিব ও তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মুঠোফোনে ছাত্রলীগ নেতা অসীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাবুল ইসলাম 









