বগুড়ার ধুনটে গ্রামীণ জনপদে মাদকদ্রব্য সেবন, প্রয়োগ ও ব্যবহারের দায়ে নারীসহ দুই মাদকসেবীকে ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নলডাঙ্গা গ্রামের খোকা মণ্ডলের ছেলে ফুল মিয়া (৩২) এবং সোহরাব আলী মণ্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামটি মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিত। ওই গ্রামে অবাধে মাদকদ্রব্য সেবন ও কেনাবেচা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ফুল মিয়া ও রোকেয়া খাতুন মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের নেশাগ্রস্ত অবস্থায় আটক করে। জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বাবুল ইসলাম 








