বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বলেছেন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতা, দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে একটি স্থিতিশীল, উৎপাদনমুখী ও জনবান্ধব অর্থনীতি গড়ে তুলতে ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, তরুণ জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় শক্তি। দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি প্রবাসী আয়কে নিরাপদ ও উৎপাদনমুখী বিনিয়োগে রূপান্তরের উদ্যোগ নিতে হবে।
সোমবার দুপুর ২টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক জিয়া শাহীন ও গিয়াস উদ্দিন টিক্কা, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান এবং ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও হাসানুল করিম পুটু।
স্টাফ রিপোর্টার 













