বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বলেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন,বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তাই আমরা কাউকে হেয় করতে চাই না, কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই। জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এই দেশের মালিক এ দেশের ২০ কোটি মানুষ। দেশের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে।
শুক্রবার দুপুর ১২টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় নির্বাচন-পরবর্তী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু ও অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান রেজা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাবুল ইসলাম 











