বগুড়ার ধুনট উপজেলায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল খালেক ধুনট থানার কর্মরত আছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালামের নেতৃত্বে চেকপোস্ট বাসানো হয়। সেখানে আব্দুল খালেক ও আব্দুল হামিদ নামে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করতে থাকেন পুলিশ সদস্যরা। তল্লাসী চলাকালে রাস্তায় একটি মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে মামলা দেন টিএসআই আবুল কালাম আজাদ। একই সময় আরো একটি মোটরসাইকেলের গতীরোধ করে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে।
এদিকে ঘুষ নেওয়ার বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ সদস্য আব্দুল খালেককে ধরে গণধোলাই দিতে থাকে। অবস্থা বেগতিক ভেবে আব্দুল খালেক ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়ে। এসময় উত্তেজিত জনতা অন্য পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখে। সংবাদ পেয়ে থানার এসআই মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে পৌছে বিচার দেওয়ার কথা বলে একঘন্টা পর তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল খালেক বলেন, ঘটনাস্থলে জনগন আমার দেহ তল্লাসী করে আমার কাছে একটি টাকাও পায়নি। তারপরও ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে জনগন আমাকে লাঞ্ছিত করেছে।
এ বিষয়ে টিএসআই আবুল কালাম আজাদ বলেন, সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশে হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি মোটর সাইকেল আটক করে কাজপত্র যাচাই করতে থাকি। এসময় পুলিশ সদস্য আব্দুল খালেক অন্য একটি মোটরসাইকেল আটক করে ছেড়ে দিয়েছে। এসময় চালকের কাছ থেকে টাকা নিয়েছে কী না তা আমি জানি না। তবে জনগন উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে।
বাবুল ইসলাম 









